শিরোনাম >>
শিরোনাম >>

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

ফোকাসবাংলা২৪ ডেস্ক   |   মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬   |   প্রিন্ট

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা, বগুড়া, টাঙ্গাইল, রাজশাহী, সিলেট, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, নওগাঁ ও রংপুরসহ অন্তত ১১ জেলায় এ কর্মসূচি পালিত হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়ায় অনেক পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছাতে পারেননি। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত, পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষার্থীদের নিয়ে করা বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিশ্চিত করতে হবে।

বরিশালে দুপুরে শিক্ষা বোর্ডের সামনে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ করেন বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা। প্রায় আড়াই ঘণ্টা সড়ক অবরোধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে বিকেলে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

ময়মনসিংহে টাউন হল এলাকায় ময়মনসিংহ–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। পুলিশ শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে।

কুমিল্লায় ‘কুমিল্লার সচেতন শিক্ষার্থী সমাজ’-এর ব্যানারে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, জলাবদ্ধতা উপেক্ষা করে পরীক্ষা নেওয়ায় অনেকেই চরম ভোগান্তির শিকার হয়েছেন। তারা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিতের দাবি জানান।

বগুড়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষাসচিবের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হয়। দাবি পূরণে আশ্বাস না পেয়ে পরে সাতমাথা এলাকায় আবারও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

টাঙ্গাইলে ঢাকা–টাঙ্গাইল–যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এইচএসসি পরীক্ষার্থীরা। এতে প্রায় এক ঘণ্টার বেশি সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

রাজশাহীতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ দাবিগুলো সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দিলে কিছু সময়ের জন্য পরিস্থিতি শান্ত হলেও পরে আবার বিক্ষোভ শুরু হয়।

সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, টানা বৃষ্টির কারণে অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে না পারলেও পরীক্ষা স্থগিত করা হয়নি। কর্মসূচির কারণে নগরের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়।

একই দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন, সুনামগঞ্জে বিক্ষোভ, নওগাঁয় মানববন্ধন ও সমাবেশ এবং রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ভুল, প্রশ্নের মান কঠিন হওয়া এবং দুর্যোগকালীন সময়ে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তের সমালোচনা করেন।

বিক্ষোভ কর্মসূচিগুলোকে কেন্দ্র করে বিভিন্ন জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কোথাও কোথাও প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সমাধান হয়নি। আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হলে আগামী দিনগুলোতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৫৭ পিএম | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------