চট্টগ্রাম প্রতিনিধি | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ | প্রিন্ট

টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় রেললাইন তলিয়ে যাওয়ায় চট্টগ্রামের ষোলশহর এলাকায় আটকা পড়েছে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস। মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে ষোলশহর স্টেশন সংলগ্ন মুরাদপুর এলাকায় ট্রেনটির চলাচল বন্ধ হয়ে যায়। এতে ট্রেনে থাকা প্রায় এক হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, রেললাইন থেকে পানি না নামা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব নয়। ফলে কক্সবাজারগামী ট্রেনটি অনির্দিষ্ট সময়ের জন্য বিলম্বিত হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী ট্রেনটির দুপুর ২টা ৪০ মিনিটে কক্সবাজার পৌঁছানোর কথা ছিল।
চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁঞা জানান, ষোলশহর স্টেশন ছাড়ার কিছুক্ষণ পরই পানিতে ডুবে থাকা রেললাইনের কারণে ট্রেনটি থেমে যায়। পরে যাত্রীদের নিরাপত্তা ও সুবিধার কথা বিবেচনা করে ট্রেনটি আবার পিছিয়ে এনে ষোলশহর স্টেশনে রাখা হয়েছে। রেললাইন থেকে পানি সরে গেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
রেলওয়ে সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৬টা ১৫ মিনিটে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে পর্যটক এক্সপ্রেস। দুপুর ১২টা ৩৫ মিনিটে ট্রেনটি ষোলশহর স্টেশন অতিক্রম করার পর মুরাদপুর এলাকায় পৌঁছে জলাবদ্ধতার কারণে আটকে পড়ে।
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সড়ক ও রেল—উভয় যোগাযোগই বিঘ্নিত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চলাচলে বিলম্ব হতে পারে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

Posted ২:২২ পিএম | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
9 News Bd | s s


