| সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
দেশের ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ এবং চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে বিভিন্ন খাতের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বেলা ১১টা থেকে শুরু হয়ে তিন ধাপে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়, যেখানে মোট ১৫ জন ব্যবসায়ী প্রতিনিধি অংশ নেন। বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ, বাণিজ্য ও বিদ্যুৎ উপদেষ্টারাও উপস্থিত ছিলেন।
প্রথম ধাপের বৈঠকে অংশ নেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর প্রধান নির্বাহী পারভেজ সাইফুল ইসলাম, ট্রান্সকম গ্রুপ-এর সিইও সিমিন রহমান, ট্রান্সকম লিমিটেডের করপোরেট ফাইন্যান্স পরিচালক আব্দুল্লাহ আল মামুন, কাজী ফার্মস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান ও পরিচালক কাজী জাহিন হাসান, ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ এবং ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের অ্যাসোসিয়েট ডিরেক্টর আজিজুল হক।
দ্বিতীয় ধাপের বৈঠকে অংশ নেন আকিজ ভেঞ্চার গ্রুপ-এর চেয়ারম্যান এস কে শামীম উদ্দিন, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর সিইও সাইয়েদ জহুরুল আলম, লাল তীর সিডস লিমিটেড-এর পরিচালক তাজওয়ার এম আওয়াল এবং প্যারাগন লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান।
তৃতীয় ধাপে অংশ নেন প্রাণ-আরএফএল গ্রুপ-এর চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আমিনুল ইসলাম, টিকে গ্রুপ-এর পরিচালক মোহাম্মদ মোস্তফা হায়দার এবং তারিক আহমেদ।
বৈঠকে দেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, শিল্প খাতের চ্যালেঞ্জ মোকাবিলা, জ্বালানি সংকট এবং ব্যবসা পরিচালনায় প্রতিবন্ধকতা দূর করার বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে। ব্যবসায়ীরা তাদের নিজ নিজ খাতের সমস্যা, নীতি সহায়তার প্রয়োজনীয়তা এবং বিনিয়োগ বাড়াতে করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন।
এর আগে গত ৪ এপ্রিলও শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি, শিল্পোন্নয়ন এবং জ্বালানি সরবরাহ নিয়ে আলোচনা হয়। এতে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির।
সংশ্লিষ্টরা মনে করছেন, ধারাবাহিক এসব বৈঠকের মাধ্যমে সরকার ও বেসরকারিখাতের মধ্যে সমন্বয় বাড়বে এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।
Posted ১:৫৫ অপরাহ্ণ | সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
9 News Bd | s s