নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৫ জুলাই ২০২৬ | প্রিন্ট

বাংলা একাডেমির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার (৫ জুলাই) রাজধানীর মিরপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুর বিষয়টি তাঁর মেয়ে সূচিতা শারমিন নিশ্চিত করেছেন। বাংলা একাডেমির মহাপরিচালক এবং তাঁর সাবেক ছাত্র মোহাম্মদ আজমও মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, রোববার দুপুরে মিরপুর-১ নম্বর এলাকায় একটি রেস্তোরাঁয় খাবার খাওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাকুন্দিয়া গ্রামে জন্মগ্রহণ করেন আবুল কাসেম ফজলুল হক। কর্মজীবনে তিনি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেন এবং বিভাগীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে তাঁর গবেষণা এবং লেখালেখি বাংলা বুদ্ধিবৃত্তিক অঙ্গনে বিশেষ অবদান রেখে গেছে।
বাংলা ভাষার সর্বস্তরে ব্যবহার নিশ্চিত করার আন্দোলনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়েছে ‘সুন্দরম’ ও ‘লোকায়ত’ সাময়িকী। এছাড়া ‘একুশে ফেব্রুয়ারি আন্দোলন’, ‘রাজনীতি দর্শন’, ‘সাহিত্য চিন্তা’ ও ‘সংস্কৃতির সহজ কথা’সহ ২০টিরও বেশি গ্রন্থ রচনা করেন তিনি। তাঁর সম্পাদিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘ইতিহাসের আলোকে বাংলাদেশের সংস্কৃতি’ এবং ‘স্বদেশচিন্তা’।
সাহিত্য ও গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮১ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। তাঁর মৃত্যুতে দেশের সাহিত্য, ভাষা ও সংস্কৃতির অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।

Posted ১১:০০ এএম | রবিবার, ০৫ জুলাই ২০২৬
9 News Bd | s s


