নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৪ জুলাই ২০২৬ | প্রিন্ট
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর গুলশানের বিচারপতি সাহাবুদ্দীন আহমদ পার্কে দিনব্যাপী ‘আমেরিকান মেলা’ অনুষ্ঠিত হয়েছে। রঙিন এ আয়োজনে আলোকচিত্র প্রদর্শনী, যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের স্টল, শিশুদের জন্য বিনোদনমূলক আয়োজন এবং সাংস্কৃতিক পরিবেশনা দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল।
মেলায় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনসহ দেশি-বিদেশি অতিথিরা অংশ নেন। তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
মেলার অন্যতম আকর্ষণ ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাস, সংস্কৃতি ও বৈচিত্র্য তুলে ধরা আলোকচিত্র প্রদর্শনী। দর্শনার্থীরা আগ্রহ নিয়ে ছবিগুলো ঘুরে ঘুরে দেখেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় নানা খাবারের স্টলেও ছিল ব্যাপক ভিড়। যুক্তরাষ্ট্রের পতাকার আদলে তৈরি বিশেষ কাপকেকসহ বিভিন্ন মুখরোচক খাবার দর্শনার্থীদের নজর কাড়ে।

শিশুদের জন্য ছিল বিভিন্ন খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা। দিনব্যাপী সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন দেশি ও বিদেশি শিল্পীরা, যা উৎসবমুখর পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।
স্বাধীনতার আড়াই শ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে আয়োজিত এ মেলায় নানা বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আয়োজকদের মতে, যুক্তরাষ্ট্রের ইতিহাস, সংস্কৃতি ও জনগণের বৈচিত্র্যকে বাংলাদেশি দর্শনার্থীদের সামনে তুলে ধরাই ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
Posted ১২:৩৮ অপরাহ্ণ | শনিবার, ০৪ জুলাই ২০২৬
9 News Bd | s s