নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ | প্রিন্ট

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া সফরের পর দেশটির শ্রমবাজার বাংলাদেশের কর্মীদের জন্য দ্রুত উন্মুক্ত হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। একই সঙ্গে তিনি গণমাধ্যম কমিশন গঠন, অনলাইনে নারীবিদ্বেষী প্রচারণা মোকাবিলা এবং সিলেটের সাবেক জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের বদলি নিয়ে সরকারের অবস্থানও তুলে ধরেছেন।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে চূড়ান্ত মন্তব্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ই করতে পারবে। তবে আলোচনার অগ্রগতি এবং বিভিন্ন পর্যায়ের যোগাযোগের ভিত্তিতে তার ধারণা, বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুতই উন্মুক্ত হতে পারে। যদিও তিনি এ বিষয়ে শতভাগ নিশ্চিত নন বলে উল্লেখ করেন।
গণমাধ্যম কমিশন নিয়ে তাড়াহুড়ো নয়:
গণমাধ্যম কমিশন গঠনের বিষয়ে সরকার কোনো তাড়াহুড়ো করতে চায় না বলেও জানান তথ্য উপদেষ্টা। তিনি বলেন, পূর্বে গঠিত কমিশনের প্রতিবেদনকে গুরুত্ব দেওয়া হলেও এর সব সুপারিশের সঙ্গে সরকার একমত নয়। পরিবর্তিত বাস্তবতা, অংশীজনদের মতামত এবং সরকারের নিজস্ব পর্যবেক্ষণ বিবেচনায় নিয়ে একটি কার্যকর, স্বাধীন ও জবাবদিহিমূলক কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তার ভাষ্য অনুযায়ী, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা, নারী, শিশু ও সংখ্যালঘুদের সুরক্ষা এবং গণমাধ্যমের পেশাদারিত্ব নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।
অনলাইনে নারীদের বিরুদ্ধে কুৎসা রোধে কঠোর অবস্থান:
প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্টের অভিযোগে একজনকে গ্রেপ্তারের প্রসঙ্গেও কথা বলেন জাহেদ উর রহমান। তিনি বলেন, কোনো ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠানের দাবি মাত্রই চূড়ান্ত সিদ্ধান্ত নয়। রাষ্ট্রের নিজস্ব যাচাই-বাছাইয়ের ব্যবস্থা রয়েছে এবং কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও সরকার সতর্ক।
তিনি বলেন, রাষ্ট্রের কাছে প্রধানমন্ত্রীর কন্যা কিংবা সাধারণ কোনো নারী—সবার অধিকার সমান। নারীদের বিরুদ্ধে অনলাইনে কুরুচিপূর্ণ ও অপমানজনক প্রচারণা বন্ধে সরকার কঠোর অবস্থান গ্রহণ করছে।
তথ্য উপদেষ্টা জানান, অনলাইনে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় একটি আইনজীবী প্যানেল গঠনের কাজ প্রায় শেষ পর্যায়ে। এটি সম্পন্ন হলে আইনি নোটিশ থেকে শুরু করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে। তিনি সতর্ক করে বলেন, ইচ্ছাকৃতভাবে অপতথ্য ছড়ানো গুরুতর অপরাধ এবং এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হবে।
সারওয়ার আলমের বদলি নিয়ে জল্পনা উড়িয়ে দিল সরকার:
সিলেটের সাবেক জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের বদলি নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার উদ্যোগের সঙ্গে তার বদলির বিষয়টি যুক্ত করে দেখার কোনো ভিত্তি নেই।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী নানা ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করছে। তবে সরকারের পক্ষ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে এবং সরকারি অবস্থান সেটিই।
তথ্য উপদেষ্টা আরও বলেন, প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে নানা ধরনের জল্পনা-কল্পনা থাকলেও সব বিষয়ে সরকার প্রকাশ্যে বিস্তারিত ব্যাখ্যা দিতে বাধ্য নয়। কিছু ক্ষেত্রে রাষ্ট্রের নিজস্ব প্রশাসনিক ও গোপনীয় বিষয়ও থাকতে পারে।

Posted ১০:০৫ এএম | মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
9 News Bd | s s


