| রবিবার, ১২ এপ্রিল ২০২৬ | প্রিন্ট

নতুন প্রযুক্তি ও পুরোনো দিনের নস্টালজিয়াকে একসঙ্গে নিয়ে আবারও আলোচনায় ফিরছে ল্যান্ড রোভার ফ্রিল্যান্ডার। তবে এবার এটি শুধু পুরোনো মডেলের পুনরাগমন নয়, বরং একেবারে নতুন পরিচয়ে স্বতন্ত্র ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে এই জনপ্রিয় এসইউভি।
একসময় বাজারে পরিচিত নাম ছিল ফ্রিল্যান্ডার। এবার সেই নামই ফিরছে আধুনিক ইলেকট্রিক এসইউভি হিসেবে। জানা গেছে, নতুন এই ব্র্যান্ডের অধীনে একাধিক ইলেকট্রিক মডেল আনার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে একটি কনসেপ্ট মডেলও উন্মোচন করা হয়েছে।
ডিজাইনের ক্ষেত্রে পুরোনো ফ্রিল্যান্ডারের ছাপ রাখা হয়েছে। রেট্রো স্টাইলিংয়ের মাধ্যমে আগের মডেলের আবহ ধরে রেখে আধুনিক প্রযুক্তির সঙ্গে মিলিয়ে গাড়িটি তৈরি করা হয়েছে। বিশেষ করে পেছনের দরজার নকশা আলাদা করে নজর কাড়ছে, যদিও এই ডিজাইন ভবিষ্যতের উৎপাদন সংস্করণে থাকবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
এই নতুন ফ্রিল্যান্ডার আপাতত কনসেপ্ট পর্যায়ে রয়েছে এবং সাধারণ ক্রেতাদের জন্য উন্মুক্ত নয়। মূলত বিশ্বের বৃহত্তম গাড়ির বাজার চীন-কে লক্ষ্য করেই এটি তৈরি করা হচ্ছে। এ লক্ষ্যেই জাগুয়ার ল্যান্ড রোভার যৌথভাবে কাজ করছে চীনের চেরি অটোমোবাইল-এর সঙ্গে।
প্রযুক্তিগত দিক থেকেও নতুন ফ্রিল্যান্ডার বেশ এগিয়ে। এটি ৮০০ ভোল্ট আর্কিটেকচারের ওপর নির্মিত, ফলে দ্রুত চার্জিং সুবিধা পাওয়া যাবে এবং পারফরম্যান্সও হবে উন্নত। পুরোপুরি ইলেকট্রিক হওয়ার পাশাপাশি এতে প্লাগ-ইন হাইব্রিড পাওয়ারট্রেনের অপশনও থাকতে পারে।
প্রথমবার ১৯৯৭ সালে ফ্রিল্যান্ডার বাজারে আসে। সেই ইতিহাসকে সামনে রেখেই নতুন কনসেপ্ট মডেলের নাম রাখা হয়েছে ‘কনসেপ্ট ৯৭’। যদিও আপাতত এটি চীনা বাজারকেন্দ্রিক, ভবিষ্যতে ভারত-সহ অন্যান্য বাজারেও এর বিস্তার ঘটতে পারে।

Posted ১:০২ পিএম | রবিবার, ১২ এপ্রিল ২০২৬
9 News Bd | s s


