নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২২ জুন ২০২৬ | প্রিন্ট

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সেনা মোতায়েনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সশস্ত্র বাহিনী বিভাগে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা–২ থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, নিষিদ্ধ বিভিন্ন সংগঠন দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচি পরিচালনা করছে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা, বিশৃঙ্খলা এবং জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
চিঠিতে ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর ছাড়াও নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ এবং ফরিদপুর জেলায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জানমালের সুরক্ষার স্বার্থে প্রয়োজনীয়সংখ্যক সেনাসদস্য মোতায়েনের অনুরোধ জানানো হয়েছে। সেনাসদস্যরা ২২ থেকে ৩০ জুন পর্যন্ত ‘বেসামরিক প্রশাসনকে সহায়তা’ কার্যক্রমের আওতায় দায়িত্ব পালন করবেন।
আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। সরকারি সূত্রগুলোর মতে, দিনটিকে ঘিরে দলটির নেতা-কর্মীরা মিছিল, শোডাউন কিংবা অন্যান্য কর্মসূচি পালনের চেষ্টা করতে পারেন, যা বর্তমান পরিস্থিতিতে বেআইনি হিসেবে বিবেচিত হবে।
সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের কয়েকটি ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। এসব কর্মকাণ্ডকে কেন্দ্র করে নিরাপত্তা সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।
এদিকে রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সংস্থাটি জানিয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ তল্লাশিচৌকি স্থাপন করা হবে এবং নগরের প্রবেশপথগুলোতে কঠোর চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম পরিচালিত হবে। নিরাপত্তা ব্যবস্থায় ডিএমপির ১৮ হাজারের বেশি সদস্য দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, ২০২৫ সালে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের বিচারিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। পরবর্তী সময়ে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনের মাধ্যমে সেই নিষেধাজ্ঞা বহাল রাখা হয়।

Posted ৯:২৯ এএম | সোমবার, ২২ জুন ২০২৬
9 News Bd | s s


