নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২০ জুন ২০২৬ | প্রিন্ট

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন গ্রাব্রিয়েল নকরেক (৪৫), রতন নকরেক (২৫), বাবলু হাদিমা (৩৫) এবং নেইমার ম্রং (১০)। তাদের সবার বাড়ি উপজেলার জলই গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি ছাগল পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে গেলে সেটিকে উদ্ধার করতে প্রথমে একজন ব্যক্তি গর্তে নামেন। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করতে আরও কয়েকজন একে একে গর্তে প্রবেশ করেন। একপর্যায়ে গর্তে জমে থাকা বিষাক্ত গ্যাসের প্রভাবে তারা সবাই অচেতন হয়ে পড়েন।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে গর্ত থেকে চারজনকে উদ্ধার করা হলেও তাদের আর বাঁচানো সম্ভব হয়নি।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুর হক ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গর্তে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। মরদেহগুলো উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Posted ৯:০৭ এএম | শনিবার, ২০ জুন ২০২৬
9 News Bd | s s


