নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৫ জুন ২০২৬ | প্রিন্ট
দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকের শূন্যপদ পূরণে শিগগিরই নতুন গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বর্তমানে ই-রেজিস্ট্রেশনের মাধ্যমে ৭৭ হাজার ৭৯৯টি শূন্যপদের তালিকা সংগ্রহ করা হয়েছে বলে তিনি জানান।
রোববার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট নিরসনে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শূন্যপদের তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, যা পরবর্তীতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) প্রেরণ করা হবে।
মন্ত্রী জানান, এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগ সম্পূর্ণ অটোমেশন পদ্ধতিতে জাতীয় মেধাতালিকার ভিত্তিতে পরিচালনা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
তিনি বলেন, গত বছরের ১৯ আগস্ট ৪১ হাজার ৬২৭ জন এবং চলতি বছরের ২৮ জানুয়ারি ১১ হাজার ৭১৩ জনসহ মোট ৫৩ হাজার ৩৪০ জন শিক্ষককে বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
ড. আ ন ম এহছানুল হক মিলন আরও বলেন, বর্তমানে সংগৃহীত ৭৭ হাজার ৭৯৯টি শূন্যপদ পূরণের লক্ষ্যে শিগগিরই নতুন গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। জাতীয় মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এসব পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
সরকারের আশা, চলমান নিয়োগ কার্যক্রম সম্পন্ন হলে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট উল্লেখযোগ্যভাবে কমবে এবং পাঠদান কার্যক্রম আরও গতিশীল হবে।
Posted ১২:৫২ অপরাহ্ণ | সোমবার, ১৫ জুন ২০২৬
9 News Bd | s s