নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৩ জুন ২০২৬ | প্রিন্ট

চট্টগ্রাম নগরে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর করে থানায় নিয়ে যাওয়ার ঘটনায় খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী এ আদেশ দেন।
সিএমপির সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ওসি আরিফুর রহমানকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে খুলশী থানার দায়িত্ব দেওয়া হয়েছে। আর বাকলিয়া থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিএমপির বিশেষ শাখার পরিদর্শক জাহিদুল কবির।
জানা গেছে, শুক্রবার রাতে ঢাকা থেকে চট্টগ্রামে ফেরার পর বাসার উদ্দেশে অটোরিকশায় রওনা হন জাতীয় দলের স্পিনার নাঈম হাসান। পথে নগরের লালখান বাজার এলাকায় খুলশী থানা-পুলিশের একটি দল তাঁর অটোরিকশা থামায়। নাঈমের অভিযোগ, তাঁকে গাড়ি থেকে নামিয়ে লাঠি ও পাইপ দিয়ে মারধর করা হয় এবং পরে থানায় নিয়ে যাওয়া হয়। থানায়ও তাঁকে হেনস্তার শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের হস্তক্ষেপে নাঈমকে থানা থেকে মুক্তি দেওয়া হয়।
এ ঘটনায় খুলশী থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ও কনস্টেবল মো. রাসেল চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের আগেই থানা থেকে প্রত্যাহার করে দামপাড়া পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশের সোর্স সোহেলকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার।
ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে সিএমপি। শনিবার দুপুরে নাঈম হাসানের বাসায় গিয়ে কমিশনার হাসান মো. শওকত আলী এ তথ্য জানান।

Posted ৭:৩৬ পিএম | শনিবার, ১৩ জুন ২০২৬
9 News Bd | s s


