নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৩ জুন ২০২৬ | প্রিন্ট
আসন্ন টোয়াব নির্বাচন ২০২৬-২৮ এ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ড. মো. তাসলিম আমিন শোভন। নির্বাচন অনুষ্ঠিত হবে ১৬ জুন ২০২৬। এ উপলক্ষে ১৩ জুন (শনিবার) জোনাকি কনভেনশন হলে এক সভার আয়োজন করে টোয়াব অগ্রগামী ঐক্যজোট।
বাংলাদেশ পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন দেশের অন্যতম বিশিষ্ট পর্যটন উদ্যোক্তা ও সংগঠক ড. মো. তাসলিম আমিন শোভন। ব্যবসায়িক দক্ষতা, নেতৃত্বগুণ এবং পর্যটন খাতের প্রতি গভীর অঙ্গীকারের মাধ্যমে তিনি দেশের পর্যটন শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
বর্তমানে তিনি ইনোগ্লোব ট্রাভেল অ্যান্ড ট্যুরস লিমিটেড, ট্যুর প্ল্যানার্স লিমিটেড এবং রিজেন্ট হলিডেজসহ একাধিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বে এসব প্রতিষ্ঠান দেশি-বিদেশি পর্যটন সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শিক্ষা ও পেশাগত জীবনে ড. শোভনের সাফল্যও উল্লেখযোগ্য। ২০২৩ সালে তিনি ব্যবসায় ব্যবস্থাপনায় পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এর আগে এমবিএ সম্পন্ন করার পাশাপাশি পর্যটন ও ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন, যা তাঁর পেশাগত দক্ষতাকে আরও সমৃদ্ধ করেছে।
পর্যটন খাতে যুক্ত হওয়ার আগে তিনি টেলিকম, মিডিয়া এবং করপোরেট ব্যবস্থাপনায়ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। গ্রামীণফোন, সিটিসেল ও বাংলালিংকের মতো প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা তাঁকে নেতৃত্ব ও ব্যবস্থাপনায় অনন্য দক্ষতা অর্জনে সহায়তা করেছে। পাশাপাশি মিডিয়া অঙ্গনেও তাঁর অবদান রয়েছে, যেখানে তিনি বিভিন্ন জনপ্রিয় টেলিভিশন প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন।
দেশের পর্যটন শিল্পের উন্নয়নে নীতি নির্ধারণী পর্যায়েও সক্রিয় ভূমিকা পালন করছেন ড. শোভন। তিনি ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর নির্বাচিত পরিচালক এবং বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস ফোরামের (বোটোফ) আন্তর্জাতিক বিষয়ক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে পর্যটন খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

তাঁর নেতৃত্ব ও অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি দেশে-বিদেশে একাধিক সম্মাননা অর্জন করেছেন। পর্যটন শিল্পে উদ্ভাবনী চিন্তা, দক্ষ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধিতে তাঁর ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
ড. তাসলিম আমিন শোভন মনে করেন, একটি শক্তিশালী, টেকসই ও আধুনিক পর্যটন শিল্প দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ত্বরান্বিত করতে পারে এবং বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সক্ষম। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সরকারি-বেসরকারি সমন্বয়, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশের পর্যটন শিল্পকে বিশ্বদরবারে আরও শক্ত অবস্থানে নিয়ে যেতে তাঁর নিরলস প্রচেষ্টা ও দূরদর্শী নেতৃত্ব ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।
Posted ৩:০৫ অপরাহ্ণ | শনিবার, ১৩ জুন ২০২৬
9 News Bd | s s