চট্টগ্রাম প্রতিনিধি | শনিবার, ১৩ জুন ২০২৬ | প্রিন্ট

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারের হাতে সময় খুব বেশি নেই। জনগণের দাবি ও গণভোটের রায় বাস্তবায়ন না হলে কঠিন পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারকে আর বেশি দিন সুযোগ দেওয়া হবে না।
শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লালদীঘি ময়দানে ১১–দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের গণরায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
শফিকুর রহমান বলেন, সরকার যদি জনগণের রায় স্বেচ্ছায় মেনে না নেয়, তাহলে ১৯৯৬ সালের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তিনি দাবি করেন, অতীতেও গণচাপের মুখে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করতে হয়েছিল, এবারও জনমতের প্রতি সম্মান জানাতে সরকার বাধ্য হবে।
সরকারের উদ্দেশে তিনি বলেন, জনগণকে রাজপথে নামতে বাধ্য করবেন না। গণতান্ত্রিক দাবিকে উপেক্ষা করলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। তিনি আরও বলেন, জেল-জুলুম বা ফাঁসির ভয় দেখিয়ে বিরোধী দলের আন্দোলন থামানো যাবে না। দেশ ও জনগণের স্বার্থে বিরোধী নেতাকর্মীরা যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত।
বাজেট নিয়ে সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, বিরোধী দলের সমালোচনাকে সরকার নেতিবাচকভাবে দেখছে। অথচ গণতান্ত্রিক ব্যবস্থায় বাজেটের সমালোচনা করা স্বাভাবিক বিষয়। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী বিভিন্ন জনসভায় বিরোধী দল সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য তুলে ধরছেন, যা একটি দায়িত্বশীল রাষ্ট্রীয় পদধারীর কাছ থেকে প্রত্যাশিত নয়।
জাতীয় সংসদে কার্যকরভাবে মতামত প্রকাশের সুযোগ না পাওয়ার অভিযোগ করে তিনি বলেন, সংসদে কথা বলার পরিবেশ না থাকায় বিরোধী দল জনগণের সংসদ হিসেবে রাজপথকে বেছে নিয়েছে।
সমাবেশে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, প্রস্তাবিত বাজেটে দুর্নীতি, ব্যাংক খাতের অনিয়ম ও লুটপাট বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেই। তিনি অভিযোগ করেন, বাজেট বাস্তবায়নে বিপুল পরিমাণ বৈদেশিক ঋণের প্রয়োজন হবে এবং এতে জনগণের ওপর বাড়তি চাপ সৃষ্টি হবে।
ব্যাংকিং খাতের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে প্রভাবশালী গোষ্ঠীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চলছে। তিনি এ ধরনের প্রবণতা বন্ধে কার্যকর সংস্কারের দাবি জানান।
চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে পুলিশের আচরণের অভিযোগ তুলে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ ও দুর্নীতি দমন ব্যবস্থায় সংস্কার না হলে জনগণের ভোগান্তি কমবে না।
সমাবেশে সভাপতির বক্তব্যে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেন, দেশের সাধারণ মানুষ নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা, রাজনৈতিক সংস্কার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান।

Posted ১:৪৮ পিএম | শনিবার, ১৩ জুন ২০২৬
9 News Bd | s s


