নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ | প্রিন্ট
দেশে ডিজিটাল আর্থিক সেবার বিস্তার এবং গ্রাহকসেবার মানোন্নয়নের লক্ষ্যে রূপালী ব্যাংক পিএলসির মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘রূপালীক্যাশ’ ও আকিজ অনলাইনের মধ্যে একটি ডিস্ট্রিবিউটরশিপ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর দিলকুশায় রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে আকিজ অনলাইনের ব্যবস্থাপনা পরিচালক শেখ আমিন উদ্দিন বলেন, সরকারি ও বেসরকারি খাতের দুটি শক্তিশালী প্রতিষ্ঠানের এই অংশীদারত্ব দেশের ডিজিটাল অর্থনীতির বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং অর্থনৈতিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম বলেন, রূপালীক্যাশ অচিরেই দেশের অন্যতম জনপ্রিয় ও শীর্ষস্থানীয় ডিজিটাল আর্থিক সেবায় পরিণত হবে। তিনি জানান, সরকারি ব্যাংকগুলোর মধ্যে রূপালী ব্যাংকই প্রথম ২০১৬ সালে মোবাইল ব্যাংকিং সেবা চালু করে। পরবর্তীতে ২০২৫ সাল থেকে নিজস্ব প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম ‘রূপালীক্যাশ’-এর মাধ্যমে সেবাটি পরিচালিত হচ্ছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার ও হাসান তানভীর, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মামুনুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, এই চুক্তির মাধ্যমে ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও সহজ, নিরাপদ ও গ্রাহকবান্ধব করতে যৌথভাবে কাজ করবে রূপালীক্যাশ ও আকিজ অনলাইন।
Posted ১২:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
9 News Bd | s s