শিরোনাম >>
শিরোনাম >>

আমানত সংকটে ১০ হাজার কোটি টাকা ধার চাইল ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৯ জুন ২০২৬   |   প্রিন্ট

আমানত সংকটে ১০ হাজার কোটি টাকা ধার চাইল ইসলামী ব্যাংক

তারল্য সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকা ধার চেয়েছে ইসলামী ব্যাংক। ব্যাংকটির চেয়ারম্যান নিয়োগকে ঘিরে চলমান বিতর্ক ও গ্রাহকদের মধ্যে উদ্বেগের কারণে সাম্প্রতিক সময়ে ব্যাপক অঙ্কের আমানত তুলে নেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গ্রাহকদের অর্থ উত্তোলনের চাপ সামাল দিতে মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের কাছে আনুষ্ঠানিকভাবে ১০ হাজার কোটি টাকার সহায়তা চেয়েছে ইসলামী ব্যাংক। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ব্যাংকটির তথ্য অনুযায়ী, গত ৩১ মে থেকে ৭ জুন পর্যন্ত সময়ে আমানত কমেছে ৪ হাজার ২০৪ কোটি টাকা। পরবর্তী দুই দিনেও উল্লেখযোগ্য পরিমাণ আমানত প্রত্যাহার করা হয়েছে। ফলে ব্যাংকটির ওপর তারল্যের চাপ আরও বেড়েছে।

ঈদের আগে শেষ কর্মদিবসে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। পরে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। নতুন চেয়ারম্যান নিয়োগের পর থেকেই একদল গ্রাহক বিভিন্ন দাবিতে আন্দোলন শুরু করেন।

রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে টানা কয়েক দিন ধরে চলা কর্মসূচিতে অংশ নেওয়া গ্রাহকদের অভিযোগ, আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে এমন ব্যক্তিকে চেয়ারম্যান নিয়োগ দেওয়ায় তারা আমানতের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এ পরিস্থিতিতে অনেক গ্রাহক ব্যাংক থেকে অর্থ তুলে নিয়েছেন।

আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে পুনর্বহাল, বিতর্কিত ব্যক্তিদের পরিচালনা পর্ষদে না রাখা এবং ব্যাংক খাতে অতীতের অনিয়মের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা।

ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিনের ঋণ অনিয়ম ও এস আলম গ্রুপকে কেন্দ্র করে সৃষ্ট সংকটের প্রভাব এখনো কাটিয়ে উঠতে পারেনি ইসলামী ব্যাংক। একসময় দেশের সবচেয়ে শক্তিশালী বেসরকারি ব্যাংকগুলোর একটি হলেও বর্তমানে খেলাপি ঋণের চাপ ও আস্থার সংকটে প্রতিষ্ঠানটি আর্থিক চ্যালেঞ্জের মুখে রয়েছে।

বিশ্লেষকদের মতে, গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা এবং সুশাসন নিশ্চিত করা না গেলে শুধু কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায় পরিস্থিতির স্থায়ী সমাধান হবে না। ব্যাংকটির স্থিতিশীলতা পুনরুদ্ধারে কাঠামোগত সংস্কার ও কার্যকর তদারকি প্রয়োজন।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৪০ পিএম | মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------