নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ | প্রিন্ট
রাজধানীর পল্লবীতে আট বছরের এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্সের জন্য মামলার রায়সহ সব নথিপত্র হাইকোর্টে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকেলে এসব নথি হাইকোর্টে পৌঁছে এবং ডেথ রেফারেন্স শাখা তা গ্রহণ করে।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিকেলে জানান, বিচারিক আদালতের রায়সহ মামলার সম্পূর্ণ নথি হাইকোর্টে পৌঁছেছে। গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এই মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার। ঘটনার মাত্র ১৯ দিনের মধ্যে এ রায় ঘোষণা করা হয়।
ফৌজদারি মামলায় মৃত্যুদণ্ড হলে তা কার্যকরের আগে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন হয়, যা ডেথ রেফারেন্স হিসেবে পরিচিত। পাশাপাশি আসামিদের জেল আপিল, নিয়মিত আপিল ও অন্যান্য আবেদন করার সুযোগ থাকে। এসব বিষয়ে সাধারণত একসঙ্গে শুনানি হয়ে থাকে।
ঘটনার সূত্রপাত হয় গত ১৯ মে। ওই দিন পল্লবীর একটি ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর আসামি সোহেল রানা শৌচাগারের গ্রিল ভেঙে পালিয়ে যান, আর তার স্ত্রী স্বপ্না আক্তারকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। পরে একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন।
Posted ১:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
9 News Bd | s s