রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
পতাকা টাঙানোকে কেন্দ্র করে সংঘর্ষ

লক্ষ্মীপুরে ব্রাজিল সমর্থকের হাতে আর্জেন্টিনা সমর্থক আহত

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ০৯ জুন ২০২৬   |   প্রিন্ট

লক্ষ্মীপুরে ব্রাজিল সমর্থকের হাতে আর্জেন্টিনা সমর্থক আহত

লক্ষ্মীপুর সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দলের পতাকা টাঙানোকে কেন্দ্র করে দুই সমর্থক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক তরুণ আহত হয়েছেন। ঘটনাটি সোমবার বিকেলে চন্দ্রগঞ্জ থানার হাজিরপাড়া ইউনিয়নের যাত্রাপুর তুলাগাছতলা এলাকায় ঘটে।

আহত আজাদ হোসেন (২০) বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ওই এলাকার বাসিন্দা। ঘটনার জন্য একই এলাকার বাসিন্দা রিফাত হোসেনকে দায়ী করে অভিযোগ তুলেছেন তিনি।

স্থানীয় সূত্র জানায়, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে কয়েকজন তরুণ আর্জেন্টিনা দলের পতাকা টাঙানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ব্রাজিল সমর্থক কয়েকজন যুবক এতে আপত্তি জানান। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাক্‌বিতণ্ডা এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, একপর্যায়ে রিফাত হোসেন লাঠি দিয়ে আজাদ হোসেনের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন আজাদ হোসেন বলেন, বন্ধুদের সঙ্গে পতাকা টাঙানোর সময় বাধার মুখে পড়েন তিনি। পরে আকস্মিকভাবে তাঁর ওপর হামলা চালানো হয়, যাতে মাথায় আঘাত পান।

তবে অভিযোগ অস্বীকার করেছেন রিফাত হোসেন। তাঁর দাবি, পতাকা টাঙানো নিয়ে সামান্য কথা-কাটাকাটি হয়েছিল, কিন্তু কাউকে মারধর করা হয়নি।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম বলেন, দল সমর্থনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন আহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৪৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com