শিরোনাম >>
শিরোনাম >>

ক্ষতিকর কনটেন্ট দ্রুত অপসারণে মেটাকে বাধ্য করতে আইন আনছে সরকার

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৮ জুন ২০২৬   |   প্রিন্ট

ক্ষতিকর কনটেন্ট দ্রুত অপসারণে মেটাকে বাধ্য করতে আইন আনছে সরকার

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপতথ্য, মানহানিকর তথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর কনটেন্টের বিস্তার রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন আইনে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাসহ আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করার বিধান যুক্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।

আলোচনার সূত্রপাত করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি, বট নেটওয়ার্ক, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি ভুয়া ছবি, ভিডিও ও অডিও এবং নারী-শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অনলাইন হয়রানির বিষয়টি সংসদে উত্থাপন করেন। পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্ব ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে সরকারের পদক্ষেপ জানতে চান।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের শীর্ষ নেতৃত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তাদের পরিবারের সদস্যদের লক্ষ্য করে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর ও মানহানিকর কনটেন্ট ছড়ানো হচ্ছে। মতপ্রকাশের স্বাধীনতার নামে প্রকাশিত সব কনটেন্ট আদৌ মতপ্রকাশের স্বাধীনতার আওতায় পড়ে কি না, সে বিষয়টি নতুন করে মূল্যায়নের প্রয়োজন রয়েছে।

তিনি জানান, সাইবার স্পেসের সংজ্ঞা পুনর্নির্ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম, ভার্চুয়াল প্ল্যাটফর্ম ও সংশ্লিষ্ট ডিজিটাল ক্ষেত্রগুলোকে আরও কার্যকরভাবে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সাইবার সুরক্ষা আইন সংশোধনের খসড়া প্রণয়নের কাজ শুরু হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, গুজব, অপতথ্য, বিভ্রান্তিকর তথ্য ও মানহানিকর কনটেন্টের নতুন সংজ্ঞা নির্ধারণ করা হবে। একই সঙ্গে এসব কনটেন্ট তৈরি, প্রকাশ ও প্রচারের বিরুদ্ধে নতুন শাস্তির বিধান যুক্ত করার বিষয়েও সরকার কাজ করছে।

আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোর জবাবদিহি নিশ্চিত করার প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের আইনে এমন কোনো কার্যকর বিধান নেই, যার মাধ্যমে মেটার মতো প্রতিষ্ঠানকে নির্দিষ্ট সময়ের মধ্যে কনটেন্ট অপসারণে বাধ্য করা যায়। ফলে বিটিআরসি বা অন্য কোনো সংস্থা অনুরোধ জানালেও অনেক ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না।

মন্ত্রী জানান, নতুন আইনে আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোর সঙ্গে সমন্বয় জোরদার, নির্দিষ্ট সময়সীমার মধ্যে রিপোর্ট করা কনটেন্ট পর্যালোচনা ও অপসারণ এবং পুরো প্রক্রিয়াকে জবাবদিহির আওতায় আনার বিধান রাখা হবে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাইবার সুরক্ষা সংস্থা, বিটিআরসি এবং ক্ষমতাপ্রাপ্ত অন্যান্য সংস্থাকে প্রয়োজনীয় ক্ষেত্রে ক্ষতিকর কনটেন্ট অপসারণ, ব্লক অথবা স্থানান্তরের ক্ষমতা দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

সংসদে বক্তব্যের এক পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া প্রতিরোধে নতুন আইন প্রণয়নের অগ্রগতির কথাও জানান। তিনি বলেন, বর্তমানে ১৮৬৭ সালের পুরোনো আইন দিয়ে জুয়া নিয়ন্ত্রণ করা হচ্ছে, যা ডিজিটাল যুগের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অনলাইন ও অফলাইন জুয়াসহ ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক অপরাধ মোকাবিলায় নতুন আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং চলতি অধিবেশনেই তা সংসদে উপস্থাপনের আশা করা হচ্ছে।

এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেও সংশোধনী আনার পরিকল্পনার কথা জানান তিনি। মাদকবিরোধী অভিযানে নিয়োজিত কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি, আধুনিক সরঞ্জাম সরবরাহ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আরও শক্তিশালী ও স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে প্রয়োজনীয় আইনি উদ্যোগ নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Facebook Comments Box
advertisement

Posted ২:৩০ পিএম | সোমবার, ০৮ জুন ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------