নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৭ জুন ২০২৬ | প্রিন্ট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরিচালনা পর্ষদ নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হওয়ার পর সভাপতি পদেও তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এর আগে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব পালন করছিলেন তামিম। নতুন নির্বাচনের মাধ্যমে এবার তিনি পূর্ণাঙ্গভাবে নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তিনটি ক্যাটাগরিতে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হন। এর সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুই পরিচালক যুক্ত হয়ে ২৫ সদস্যের পরিচালনা পর্ষদ গঠিত হয়। পরবর্তীতে পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচন করা হয়। তবে এবার সভাপতি পদে তামিম ইকবালের বিরুদ্ধে কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এর আগে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদ নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে ৭৩ ভোট পেয়ে সর্বোচ্চ ভোটে পরিচালক নির্বাচিত হন তামিম। নির্বাচনের পর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভায় তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।
নির্বাচন কমিশন বিষয়টি নিশ্চিত করেছে। একই সভায় ফাহিম সিনহা বিসিবির সহসভাপতি নির্বাচিত হয়েছেন। গঠনতন্ত্র অনুযায়ী দুইজন সহসভাপতি নির্বাচিত হওয়ার সুযোগ থাকলেও নির্বাচন কমিশন আপাতত একজন সহসভাপতির নাম ঘোষণা করেছে।
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল ব্যাটসম্যান তামিম ইকবাল দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মাঠের নেতৃত্বের পর এবার প্রশাসনিক দায়িত্বেও দেশের ক্রিকেটের উন্নয়নে কাজ করার সুযোগ পেলেন তিনি।
তামিমের নেতৃত্বে বিসিবির নতুন পর্ষদ দেশের ক্রিকেটের অবকাঠামোগত উন্নয়ন, ঘরোয়া ক্রিকেটের মানোন্নয়ন, বয়সভিত্তিক ক্রিকেটের সম্প্রসারণ এবং জাতীয় দলের ধারাবাহিক সাফল্য অর্জনে নতুন উদ্যোগ নেবে বলে ক্রিকেট অঙ্গনে প্রত্যাশা করা হচ্ছে।

Posted ২:০৬ পিএম | রবিবার, ০৭ জুন ২০২৬
9 News Bd | s s


