নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৭ জুন ২০২৬ | প্রিন্ট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ক্লাব ক্যাটাগরিতে ৭৬ জন কাউন্সিলরের ভোটে তিনি ৭৩ ভোট লাভ করেন।
বিসিবির নতুন পরিচালনা পর্ষদ গঠনের লক্ষ্যে আয়োজিত নির্বাচনে বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর বেশিরভাগ পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় মূলত খুলনা ও বরিশাল বিভাগে এবং ক্লাবভিত্তিক ক্যাটাগরি-২-এ।
ক্লাবগুলোর প্রতিনিধিত্বকারী ক্যাটাগরি-২ থেকে ১২ পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ ক্যাটাগরিতে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে তামিম ইকবালের পাশাপাশি পরিচালক নির্বাচিত হয়েছেন মাসুদুজ্জামান, ফাহিম সিনহা, আসিফ রব্বানী, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম, সরকার মাহবুব আহমেদ শামীম, শানিয়ান তানিম, সাঈদ ইব্রাহিম আহমেদ এবং সাকিফ আহমেদ।
অন্যদিকে মেজর ইমরোজ আহমেদ, ফৈয়াজুর রহমান, আমজাদ হোসেন এবং সৈয়দ বোরহানুল হোসেন নির্বাচিত হতে পারেননি।
জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর প্রতিনিধিত্বকারী ক্যাটাগরি-১-এ ১০ পরিচালকের মধ্যে সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বরিশাল বিভাগের একমাত্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনে মুন্তাসির আলমকে পরাজিত করে পরিচালক নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান। খুলনা বিভাগের দুই পরিচালক পদের জন্য তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সেখানে শফিকুল আলম ও শান্তনু ইসলাম নির্বাচিত হন।
ক্যাটাগরি-১ থেকে নির্বাচিত পরিচালকদের মধ্যে রয়েছেন—ঢাকা বিভাগ থেকে সাইদ বিন জামান ও এস এম আবদুল্লাহ আল ফুয়াদ, চট্টগ্রাম বিভাগ থেকে মিনহাজুল আবেদীন ও মঈন উদ্দিন চৌধুরী, খুলনা বিভাগ থেকে শফিকুল আলম ও শান্তনু ইসলাম, রাজশাহী বিভাগ থেকে মীর শাকরুল আলম, রংপুর বিভাগ থেকে মির্জা ফয়সল আমীন, সিলেট বিভাগ থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী এবং বরিশাল বিভাগ থেকে মিজানুর রহমান।
এদিকে বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের নিয়ে গঠিত ক্যাটাগরি-৩ থেকে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত পরিচালকদের ভোটে আজই বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হওয়ার কথা রয়েছে। এ পদে তামিম ইকবালকে সবচেয়ে সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে।

Posted ১:৩৪ পিএম | রবিবার, ০৭ জুন ২০২৬
9 News Bd | s s


