| শনিবার, ১১ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
আন্তর্জাতিক ডেস্ক:
মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে নিজের দীর্ঘদিনের দুর্নীতি মামলার সাক্ষ্যদান আবারও স্থগিত করার আবেদন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী সপ্তাহে মামলার কার্যক্রম পুনরায় শুরু হওয়ার কথা থাকলেও তাঁর আইনজীবীরা আদালতে নতুন করে সময় চেয়ে আবেদন জমা দিয়েছেন।
গত বুধবার ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর দেশজুড়ে জারি করা জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়। এরপর আদালত আগামী রোববার থেকে মামলার কার্যক্রম শুরুর দিন ধার্য করে। তবে এর মধ্যেই আসামিপক্ষ জানিয়েছে, তারা প্রসিকিউশনের সাক্ষীদের জবানবন্দি শুনতে প্রস্তুত থাকলেও প্রধানমন্ত্রী এই মুহূর্তে নিজে সাক্ষ্য দিতে পারবেন না।
জেরুজালেম জেলা আদালতে জমা দেওয়া আবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক নিরাপত্তা ও কূটনৈতিক পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় অন্তত দুই সপ্তাহের জন্য প্রধানমন্ত্রীকে এই বিচারিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হোক। আবেদনে আরও উল্লেখ করা হয়, বিষয়টি জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত হওয়ায় কিছু তথ্য গোপনীয় রাখা হয়েছে এবং তা সিলগালা খামে আদালতে জমা দেওয়া হয়েছে।
প্রসিকিউশন পক্ষ এখন এই আবেদনের জবাব দেবে, এরপর আদালত পরবর্তী সিদ্ধান্ত জানাবে।
উল্লেখ্য, নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন প্রধানমন্ত্রী যিনি ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়েছেন। ২০১৯ সালে দীর্ঘ তদন্তের পর তাঁর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়। যদিও তিনি শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছেন।
২০২০ সালে শুরু হওয়া এই বিচারপ্রক্রিয়ায় দোষী প্রমাণিত হলে তাঁর কারাদণ্ড হতে পারে। তবে রাষ্ট্রীয় দায়িত্ব ও নিরাপত্তার কারণ দেখিয়ে তিনি একাধিকবার আদালতের কার্যক্রম পিছিয়ে দিয়েছেন, যার ফলে মামলার চূড়ান্ত রায় এখনো অনিশ্চিত রয়ে গেছে।
দুর্নীতির অভিযোগ এবং সাম্প্রতিক সংঘাত পরিস্থিতির পর নেতানিয়াহুর জনপ্রিয়তাও উল্লেখযোগ্যভাবে কমেছে বলে বিভিন্ন জনমত জরিপে দেখা যাচ্ছে। বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনে তাঁর রাজনৈতিক জোট কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
Posted ১২:১৯ অপরাহ্ণ | শনিবার, ১১ এপ্রিল ২০২৬
9 News Bd | s s