নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৬ জুন ২০২৬ | প্রিন্ট

বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে সিএনজি সরবরাহ ও পরিচালনা ব্যয় বেড়ে যাওয়ায় কমিশন বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির নেতারা বলেছেন, গত এক দশকে সাত দফা বিদ্যুতের দাম বাড়লেও সিএনজি স্টেশন মালিকদের কমিশন বাড়ানো হয়নি।
শনিবার রাজধানীর বিজয়নগরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা জানান, বর্তমানে প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে স্টেশনগুলো ৫ টাকা ৯৬ পয়সা কমিশন পায়। বিদ্যুৎ, শ্রমিক মজুরি, যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণ ও অন্যান্য পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় কমিশন আরও ৮ টাকা বাড়িয়ে ১৩ টাকা ৯৬ পয়সা করার দাবি জানিয়েছেন তারা।
সংগঠনের নেতারা অভিযোগ করেন, অতীতে বিভিন্ন সরকারি কমিটি কমিশন সমন্বয়ের সুপারিশ করলেও তা বাস্তবায়িত হয়নি। ফলে অনেক সিএনজি স্টেশন লোকসানে পরিচালিত হচ্ছে এবং বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়েছে।
তারা জানান, আগামী ৩০ জুনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ১ জুলাই থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে জ্বালানি বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সিএনজি ব্যবসায়ীরা।

Posted ১:৫১ পিএম | শনিবার, ০৬ জুন ২০২৬
9 News Bd | s s


