নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৩ জুন ২০২৬ | প্রিন্ট

দেশে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম ও সন্দেহভাজন হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৬০১ জনে পৌঁছেছে।
বুধবার (৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ৯০ জন। একই সময়ে সন্দেহভাজন হাম বা হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ৫১১ জন। এ দুই শ্রেণির মৃত্যুর সংখ্যা মিলিয়ে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৬০১ জনে।
এদিকে আক্রান্তের সংখ্যাও ক্রমাগত বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৯ হাজার ১৯১ জন। একই সময়ে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা পৌঁছেছে ৭৪ হাজার ৫৭২ জনে।
হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও উল্লেখযোগ্য। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৬০ হাজার ১৫৮ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৫৫ হাজার ৯৪২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ। টিকাদান কর্মসূচির আওতা বৃদ্ধি, দ্রুত রোগ শনাক্তকরণ এবং আক্রান্তদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা না গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
স্বাস্থ্য অধিদপ্তর জনগণকে শিশুদের নিয়মিত টিকাদান সম্পন্ন করার পাশাপাশি জ্বর, শরীরে ফুসকুড়ি বা হামের অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।

Posted ১২:৫২ পিএম | বুধবার, ০৩ জুন ২০২৬
9 News Bd | s s


