নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০২ জুন ২০২৬ | প্রিন্ট

দেশের প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের জন্য ঋণপ্রাপ্তি আরও সহজ করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। কৃষি খাতে পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় ‘কৃষক স্মার্ট কার্ডধারী’ কৃষকদের পাশাপাশি সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদেরও অগ্রাধিকার ভিত্তিতে ঋণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২ জুন) বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়।
সার্কুলারে বলা হয়, ১০, ৫০ ও ১০০ টাকা হিসাবধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষক, নিম্নআয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গঠিত পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় কৃষকদের সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করতে হবে।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা-২০২৫’ অনুযায়ী স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের ১০ টাকার হিসাব খুলে পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় ঋণ বিতরণে অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে এ তহবিলের ঋণ কার্যক্রম থেকে কোনো যোগ্য কৃষক যাতে বাদ না পড়েন, সে বিষয়েও ব্যাংকগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে অতি বৃষ্টির কারণে কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও ময়মনসিংহ অঞ্চলের হাওর এলাকায় পাকা ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। এছাড়া দেশের অন্যান্য এলাকাতেও অতিবৃষ্টিজনিত কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এ প্রেক্ষাপটে ক্ষতিগ্রস্ত এলাকার প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় ঋণ প্রদানের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক বলেছে, কৃষকদের আর্থিক অন্তর্ভুক্তি জোরদার এবং কৃষি উৎপাদন অব্যাহত রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সার্কুলারের অন্যান্য নির্দেশনা পূর্বের মতো বহাল থাকবে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Posted ১০:৫৬ এএম | মঙ্গলবার, ০২ জুন ২০২৬
9 News Bd | s s


