নিজস্ব প্রতিবেদক | শনিবার, ৩০ মে ২০২৬ | প্রিন্ট

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৩০ মে) সকালে রাজধানীর জিয়া উদ্যানে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিয়ে প্রয়াত রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এ সময় বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, এ জেড এম জাহিদ হোসেন, ড. আব্দুল মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দল ও সরকারের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
শাহাদাতবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। বিজয় সরণি থেকে জিয়া উদ্যান পর্যন্ত বিভিন্ন স্থানে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে অবস্থান নেন তারা। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
এদিকে, শ্রদ্ধা নিবেদন শেষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়া দিনের বিভিন্ন সময়ে আরও কয়েকটি সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

Posted ৫:৪৯ এএম | শনিবার, ৩০ মে ২০২৬
9 News Bd | s s


