ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ২৯ মে ২০২৬ | প্রিন্ট

আগামী ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বৃহস্পতিবার ঘোষিত এই দলে যথারীতি আছেন অধিনায়ক লিওনেল মেসি। ৩৮ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ডকে ঘিরেই শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখছে লিওনেল স্কালোনির দল।
২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জেতানোর নায়ক ছিলেন মেসি। আগামী আসরে খেলতে পারলে এটি হবে তাঁর ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ, যা পুরুষ ফুটবলে বিরল এক কীর্তি। একই সঙ্গে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও আরও সমৃদ্ধ করার সুযোগ থাকবে তাঁর সামনে। এখন পর্যন্ত বিশ্বকাপে ২৬টি ম্যাচ খেলেছেন তিনি।
স্কোয়াডে আছেন ২০২২ বিশ্বকাপের সেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। এছাড়া ইউরোপের শীর্ষ লিগে খেলা লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজও জায়গা পেয়েছেন। তরুণ প্রতিভা নিকো পাজও সুযোগ পেয়েছেন বিশ্বকাপ দলে। তবে জায়গা হয়নি মার্কুস আকুনা ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনের।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ। ‘জে’ গ্রুপে থাকা আর্জেন্টিনা প্রথম ম্যাচ খেলবে ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে কানসাস সিটিতে। এরপর ২২ জুন ডালাসে অস্ট্রিয়ার মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৮ জুন জর্ডানের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা।
সম্প্রতি ইন্টার মায়ামির হয়ে খেলতে গিয়ে বদলি হিসেবে মাঠ ছাড়ায় মেসির চোট নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি গুরুতর চোটে পড়েননি। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে সামান্য ক্লান্তি অনুভব করেছিলেন মাত্র।
আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ১৯৮টি ম্যাচ খেলেছেন মেসি। বিশ্বকাপের আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামলে জাতীয় দলের হয়ে ২০০ ম্যাচ খেলার মাইলফলকও স্পর্শ করবেন তিনি।
আর্জেন্টিনার বিশ্বকাপ দল
গোলরক্ষক:
হুয়ান মুসো, গেরোনিমো রুই, এমিলিয়ানো মার্তিনেজ।
ডিফেন্ডার:
লেওনার্দো বালের্দি, নিকোলাস তাগলিয়াফিকো, গনসালো মন্তিয়েল, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নাহুয়েল মলিনা।
মিডফিল্ডার:
লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দি পল, ভালেন্তিন বার্কো, জিওভানি লো সেলসো, এজেকিয়েল পালাসিওস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ।
ফরোয়ার্ড:
হুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি, নিকোলাস গনসালেস, তিয়াগো আলমাদা, জুলিয়ানো সিমিওনে, নিকো পাজ, হোসে ম্যানুয়েল লোপেস ও লাওতারো মার্তিনেজ।

Posted ৫:০২ এএম | শুক্রবার, ২৯ মে ২০২৬
9 News Bd | s s


