ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ | প্রিন্ট

সাফ নারী চ্যাম্পিয়নশিপে জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। শুক্রবার গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মালদ্বীপকে ৪-২ গোলে পরাজিত করে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। খেলার প্রথম মিনিটেই সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা সিদ্দিকীর গোলে এগিয়ে যায় দল। এরপর ৩৪ মিনিটে উমহেলা ব্যবধান বাড়িয়ে দলকে স্বস্তি এনে দেন।
তবে সহজে হার মানেনি মালদ্বীপ। প্রথমার্ধের শেষদিকে নুরার গোলে ব্যবধান কমায় তারা। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণ বাড়িয়ে ৫৭ মিনিটে ফাজলার গোলে সমতায় ফেরে মালদ্বীপ।
সমতায় ফেরার পর আবারও ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৬৩ মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে সুরভি আকন্দ প্রীতি দলকে আবার এগিয়ে দেন। এরপর যোগ করা সময়ে ঋতুপর্ণা চাকমার কর্নার থেকে কোহাতি কিসকুর হেডে আসে চতুর্থ গোল।
এই জয়ের ফলে টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ। একই গ্রুপ থেকে ভারতও শেষ চার নিশ্চিত করেছে। এখন গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণে আগামী ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

Posted ৬:৪৯ পিএম | বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
9 News Bd | s s


