নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৭ মে ২০২৬ | প্রিন্ট

ঈদুল আজহার দিন দেশের আবহাওয়ায় দেখা যেতে পারে ভিন্ন রূপ। কোথাও তীব্র গরম, আবার কোথাও ঝুম বৃষ্টিতে স্বস্তির আবহ—এমন পরিস্থিতিই এখন বিরাজ করছে দেশের বিভিন্ন অঞ্চলে। আবহাওয়াবিদদের মতে, মৌসুমি বায়ু প্রবেশের আগের সময়টাতে প্রকৃতির এমন অস্থির আচরণ স্বাভাবিক ঘটনা।
গত এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন এলাকায় কখনও তাপপ্রবাহ, কখনও ভারী বর্ষণ লক্ষ্য করা যাচ্ছে। ঈদের দিনও এর ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা কম। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ জানিয়েছেন, খুলনা ও বরিশাল বিভাগ তুলনামূলকভাবে শুষ্ক থাকতে পারে। তবে রাজধানী ঢাকায় ঈদের দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কখন বৃষ্টি হবে, সেটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। সকাল কিংবা বিকেলের যেকোনো সময় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন তিনি।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবীর বলেন, ঈদের আগের রাতে রাজধানীতে ভারী বর্ষণ হতে পারে। তাঁর মতে, বর্তমানে পশ্চিমা লঘুচাপের প্রভাব অনেক বেশি সক্রিয় থাকায় আবহাওয়ায় এমন অস্থিরতা তৈরি হয়েছে।
সাধারণত মে মাসের শেষ দিকে বা জুনের শুরুতে দেশে মৌসুমি বায়ু প্রবেশ করে। এর আগে দক্ষিণা বায়ু ও পশ্চিমা লঘুচাপের প্রভাবে আবহাওয়ায় এক ধরনের অস্থির পরিস্থিতি তৈরি হয়। এবারও সেই প্রভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
গত মঙ্গলবার রাজধানীতে সকাল থেকে দুপুর পর্যন্ত ৪৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। খুলনা ও বরিশালের কিছু এলাকা বাদে দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টি হয়েছে। এর আগে চলতি মাসের মাঝামাঝি সময়ে দেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় তাপপ্রবাহও বয়ে যায়।
আজ বুধবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট, ময়মনসিংহ ও রাজশাহী অঞ্চলে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Posted ৯:৫৮ এএম | বুধবার, ২৭ মে ২০২৬
9 News Bd | s s


