নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২০ মে ২০২৬ | প্রিন্ট

দেশের পানি ব্যবস্থাপনা ও দুর্যোগ মোকাবিলায় পদ্মা ও তিস্তা নদীতে ব্যারাজ নির্মাণের উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের পানি সংকট মোকাবিলা এবং ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই দুই প্রকল্প বাস্তবায়নে সরকার কাজ শুরু করবে।
বুধবার বিকেলে গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ইতোমধ্যে দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। তার ভাষায়, খাল খনন শুধু পানি ব্যবস্থাপনার বিষয় নয়; এর সঙ্গে মানুষের জীবন, কৃষি এবং দুর্যোগ মোকাবিলার বিষয়ও ওতপ্রোতভাবে জড়িত।
তিনি বলেন, গত দুই দশকে ভূগর্ভস্থ পানি অতিরিক্ত ব্যবহারের কারণে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। বর্ষার পানি সংরক্ষণ এবং তা সারা দেশে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে এই ঘাটতি পূরণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে। এজন্য খাল খননকে সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন তিনি।
পদ্মা ব্যারাজ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশ সীমান্তের ওপারে বিভিন্ন ব্যারাজ নির্মাণ করে পানি সংরক্ষণ করায় শুষ্ক মৌসুমে বাংলাদেশের নদীগুলোতে পানির প্রবাহ কমে যাচ্ছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং আশপাশের অঞ্চল ধীরে ধীরে শুষ্ক হয়ে পড়ছে।
তিনি বলেন, পদ্মা নদীতে ব্যারাজ নির্মাণের মাধ্যমে বর্ষা মৌসুমের পানি সংরক্ষণ করা সম্ভব হবে, যা শুষ্ক মৌসুমে কৃষি ও জনজীবনে ব্যবহার করা যাবে। এর ফলে দক্ষিণাঞ্চলে লবণাক্ততা বৃদ্ধির সমস্যাও কিছুটা কমানো সম্ভব হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ফারাক্কা বাঁধের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে সমুদ্রের নোনা পানি ধীরে ধীরে ভেতরের দিকে প্রবেশ করছে। এতে সুন্দরবন, কৃষিজমি এবং স্থানীয় জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যারাজ নির্মাণের মাধ্যমে এই ঝুঁকি মোকাবিলা করা হবে বলে জানান তিনি।
তিস্তা ব্যারাজ প্রসঙ্গে তিনি বলেন, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে সরকার কাজ করবে। তিস্তা নদীর পানির সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ওই অঞ্চলের কৃষি ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দুর্যোগ থামানো সম্ভব নয়, তবে প্রস্তুতি ও সঠিক পরিকল্পনার মাধ্যমে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। এজন্য দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করতে সরকার নানা উদ্যোগ নিচ্ছে।
এর আগে দুপুরে প্রধানমন্ত্রী নবনির্মিত জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি সেখানে একটি তালগাছ রোপণ এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

Posted ১২:২০ পিএম | বুধবার, ২০ মে ২০২৬
9 News Bd | s s


