শিরোনাম >>
শিরোনাম >>
কারণ দর্শানোর নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের

হাবিবুল্লাহ বাহার কলেজের অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬   |   প্রিন্ট

হাবিবুল্লাহ বাহার কলেজের অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজধানীর ঐতিহ্যবাহী হাবিবুল্লাহ বাহার কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ কর্নেল (অব.) ইমরুল কায়েসের নিয়োগকে বিধিবহির্ভূত ও অবৈধ ঘোষণা করে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে তার বিরুদ্ধে পদবাণিজ্য, প্রশাসনিক অনিয়ম এবং কলেজের অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. নাজমুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, বেসরকারি কলেজ শিক্ষকদের চাকরির শর্তাবলি সংক্রান্ত ২০১০ সালের বিধিমালার কয়েকটি ধারা অনুসরণ না করেই ইমরুল কায়েসকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ কারণে কেন তার নিয়োগ বাতিল করা হবে না, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় লিখিত ব্যাখ্যা চেয়েছে।

জানা গেছে, এর আগে গত ২৪ নভেম্বর ২০২৫ তারিখে হাইকোর্ট বিভাগের এক আদেশে শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়কে নিয়োগের বিষয়টি পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়। আদালতের নির্দেশনার পর বিশ্ববিদ্যালয় বিষয়টি তদন্ত করে প্রাথমিকভাবে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের সত্যতা পেয়েছে।

অভিযোগে বলা হয়েছে, ভারপ্রাপ্ত অধ্যক্ষ কর্নেল (অব.) ইমরুল কায়েস নিজের পদে বহাল থাকার জন্য ব্যক্তিগত আইনি লড়াইয়ের খরচ কলেজের সাধারণ তহবিল থেকে বহন করেছেন। একটি ভাউচার অনুযায়ী, হাইকোর্টে রিট পরিচালনার জন্য ‘ইক্যুইটি লিগ্যাল অ্যাসোসিয়েটস’ নামে একটি আইনজীবী প্রতিষ্ঠানে ২ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করা হয়েছে, যা কলেজের তহবিল থেকে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

শিক্ষক ও কর্মচারীদের একটি অংশ অভিযোগ করেছেন, অধ্যক্ষের বিরুদ্ধে পদোন্নতি ও নিয়োগে অনিয়ম, ব্যক্তিগত সুবিধার বিনিময়ে প্রশাসনিক সিদ্ধান্ত এবং বিরোধীদের ওপর চাপ সৃষ্টি করার প্রবণতা রয়েছে। এতে কলেজের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এছাড়া স্টেশনারি সামগ্রী ক্রয়ের নামে বড় ধরনের আর্থিক অনিয়মের অভিযোগও উঠেছে। গত ১৭ জানুয়ারি ‘পলি বুকস অ্যান্ড স্টেশনারি’ নামে একটি প্রতিষ্ঠানে ৩ লাখ ৭৪ হাজার ৩৫৭ টাকার বিল দেখানো হয়েছে। তবে বিলের মালামাল যাচাই করে দেখা যায়, সাধারণ স্টেশনারির তুলনায় অনেক বেশি দামে পণ্য কেনা হয়েছে এবং কিছু প্রযুক্তি সামগ্রীও কেনা হয়েছে, যা একটি সাধারণ কলেজের জন্য অস্বাভাবিক বলে অভিযোগ উঠেছে।

অভিযোগে আরও বলা হয়, কলেজের বিভিন্ন অভ্যন্তরীণ অনুষ্ঠানের নামে ভুয়া ভাউচার তৈরি করে নিয়মিত অর্থ উত্তোলন করা হয়েছে। এতে কলেজের শিক্ষক ও কর্মচারীদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে।

এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় গত ১৫ এপ্রিল ২০২৬ তারিখে কলেজ কর্তৃপক্ষকে নতুন অধ্যক্ষ নিয়োগের জন্য পুনরায় নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, কলেজের বর্তমান উপাধ্যক্ষ অথবা জ্যেষ্ঠ শিক্ষকদের তালিকা থেকে নিয়ম অনুযায়ী তিন সদস্যের প্যানেল তৈরি করে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দিতে হবে।

এ নিয়ে কলেজের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। শিক্ষার্থীদের দাবী বর্তমান কমিটির চেয়ারম্যান মো. তৌফিকুল ইসলাম আওয়ামীলীগ সরকার পতনের পরই কলেজটিকে দখল করে নিয়োগ বাণিজ্য ও লুটপাট চালিয়ে যাচ্ছেন। তিনি নিজেদের লোকজন নিয়ে সিন্ডিকেট গড়ে তুলেছেন বলে অভিযোগ করেন তারা।

চলমান এ পরিস্থিতিতে হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে চরম উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। তারা দ্রুত তদন্ত শেষ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কারো মন্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
advertisement

Posted ৮:০৯ এএম | বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------