শিরোনাম >>
শিরোনাম >>

বিদেশি প্রশিক্ষণ ও সেমিনারে ব্যাংকারদের অংশগ্রহণে নতুন বিধিনিষেধ জারি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৩ মে ২০২৬   |   প্রিন্ট

বিদেশি প্রশিক্ষণ ও সেমিনারে ব্যাংকারদের অংশগ্রহণে নতুন বিধিনিষেধ জারি

আর্থিক খাতে স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিত করা এবং স্বার্থের সংঘাত এড়াতে সরকারি ও বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের বিদেশি প্রশিক্ষণ, সেমিনার ও ওয়ার্কশপে অংশগ্রহণের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১৩ মে) বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-২ থেকে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, সরকারি-বেসরকারি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানের অর্থায়নে দেশে কিংবা বিদেশে আয়োজিত বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা প্রশিক্ষণার্থী বা পরীক্ষক হিসেবে অংশ নিতে পারবেন না।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের সেবা গ্রহণকারী কিংবা কেন্দ্রীয় ব্যাংকের পণ্য ও সেবা সরবরাহকারী কোনো প্রতিষ্ঠানের অর্থায়নে বিদেশে অনুষ্ঠিত প্রশিক্ষণ, সেমিনার বা ওয়ার্কশপেও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তবে বিশেষ অনুমতির ভিত্তিতে কিছু ক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-২-এর পূর্বানুমোদন সাপেক্ষে সরকারি-বেসরকারি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা অন্য কোনো প্রতিষ্ঠানের আয়োজিত সেমিনার ও আলোচনাসভায় কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা প্রশিক্ষক বা বক্তা হিসেবে অংশ নিতে পারবেন। তবে এ ক্ষেত্রে আয়োজক প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো ধরনের সম্মানী গ্রহণ করা যাবে না।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমের সঙ্গে স্বার্থের সংঘাত তৈরি হতে পারে—এমন যেকোনো পরিস্থিতি এড়ানো এবং নিয়ন্ত্রক সংস্থার নিরপেক্ষতা বজায় রাখার লক্ষ্যেই এ নির্দেশনা জারি করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে আর্থিক খাতে সুশাসন জোরদার, স্বচ্ছতা বৃদ্ধি এবং নিয়ন্ত্রক সংস্থার জবাবদিহি নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। নতুন এই নির্দেশনাও সেই উদ্যোগের অংশ।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। এর ফলে ভবিষ্যতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের দেশি-বিদেশি প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণ আরও নিয়মতান্ত্রিক ও নিয়ন্ত্রিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
advertisement

Posted ২:২০ পিএম | বুধবার, ১৩ মে ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------